মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদি গ্রামের দেলোয়ার হোসেনের অত্যাচার নির্যাতন থেকে মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসি। বুধবার (০৯ ফেব্রæয়ারি) সকাল ১১টায় বেড়াদি বাজার এলাকায় মহিশালা-বেড়াদি সড়কের উপর কয়েকশত লোক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়। এ সময় দেলোয়ারের হাত থেকে মুক্তির দাবি সম্বলিত বেনার ফেষ্টুন প্রদর্শন করা হয়। সংখ্যালঘু হিন্দুদের যায়গা জমি জোর পূর্বক দখলসহ বিভিন্ন অভিযোগে ভূমি দস্যু দেলোয়ারের হয়রানি, নির্যাতন ও অনৈতিক কর্মকান্ডের বিচার দাবি করেন তাঁরা। এ সময় বক্তব্য রাখে বীর মুক্তিযোদ্ধা মোখলেচুর রহমান বাচ্চু মিয়া, এনামুল মোল্যা, ইউপি সদস্য হাসান শেখ, আবীর হোসেন, আকরাম মাতুব্বর, জাহিদ হোসেন, জাফর মাতুব্বর, শহীদ মাতুব্বর, আরিফ শেখ, বাবু শেখ, অনুপ কুমার চন্দ্র প্রমুখ।
এনামুল মোল্যা তাঁর বক্তব্যে বলেন, ভূমি দস্যু দেলোয়ার বেড়াদী গ্রামের আব্দুল জলিল মোল্যর চতুর্থ ছেলে। সে ঢাকা সিএমএম আদালতে তথ্য ও প্রসিকিউশন (জিআর শাখা) বিভাগে ওমেদার হিসেবে কর্মরত আছে। এই চাকরী পাওয়ার পর থেকে দেলোয়ার ও তাঁর পরিবার ফুলে ফেপে উঠেছে। এক সময় তাদের কিছুই ছিল না। সামান্য কৃষক পরিবারের সন্তান থেকে হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে দেলোয়ার। ঢাকা শহরে একাধিক বাড়ি, প্লট এবং এলাকায় শত শত পাখি (৩০ শতাংশে এক পাখি) রেখেছে সে। দেলোয়ারের নানামুখী অত্যাচারে অতিষ্ট এলাকাবাসি। তার কালো টাকা ও অবৈধ ক্ষমতার কাছে মানুষ জিম্মি হয়ে পড়েছে। ঢাকায় সে আওয়ামী লীগের পরিচয়ে সুবিধা ভোগ করলেও মূলত তারা বিএনপিপন্থী এবং কট্টর আওয়ামী বিদ্বেষী। এলাকায় বিএনপিকে প্রতিষ্ঠা করা এবং আওয়ামী লীগকে নির্মুল করাই তার লক্ষ্য। তার চাচা জাকির হোসেন টিআই ইউনিয়ন বিএনপির সভাপতি, বড় ভাই ইদ্রিস সহসভাপতি, ছোট ভাই মাফুজুর রহমান জেলা ছাত্রদলের সদস্য। সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিপক্ষে গিয়ে বিএনপি থেকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করে সে ও তার পরিবার। 
বীরমুক্তিযোদ্ধা মোখলেচুর রহমান বাচ্চু মিয়া বলেন, স্বাধীনতা বিরোধীদলের লোকজন বর্তমানে বিভিন্নভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। তার মধ্যে দেলোয়ার বাহিনীর লোকজন সাধারণ নিরীহ মানুষদের ওপর হামলা চালিয়ে আসছে। এলাকাবাসী তার কথার বাইরে গেলেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। জোরপূর্বক দখল করে নেয় সংখ্যালঘু পরিবারের জমিজমা। এর থেকে পরিত্রান পেতে প্রশাসনের সহযোগিতা চান মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া।
একাধিকবার মো. দেলোয়ার হোসেনের ফোন (০১৭১৭-৪৫৯৯৬৬) নাম্বারে কল করেও বক্তব্য পাওয়া যায়নি। #