1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় অবসর ভাতার পরিকল্পনা করছে সরকার – মধুখালীতে হুইপ রুহুল কুদ্দুস দুলু এমপি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২৮ Time View
49

ফরিদপুর প্রতিনিধি:
খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় অবসরকালীন ভাতা চালুর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরি ও স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানে আয়োজিত কাজল আহমেদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খেলোয়াড়দের অবসরকালীন ভাতার পরিকল্পনার কথা তুলে ধরে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, “বিএনপি সরকার খেলাধুলাকে উৎসাহিত করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা দেশেই খেলাধুলার আয়োজন করা হচ্ছে। বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়দের জীবনসায়াহ্নে অবসরকালীন ভাতা দেওয়ার পরিকল্পনাও সরকারের রয়েছে।”

তিনি বলেন, “এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রামগঞ্জে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা সম্ভব হবে। যুবসমাজকে ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত রাখতে পারলে মাদক ও মোবাইল আসক্তি থেকে তাদের দূরে রাখা যাবে।”

দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে হুইপ আরও বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব মাঠে স্টেডিয়াম নির্মাণ করে নিয়মিত খেলাধুলার চর্চা নিশ্চিত করার সুব্যবস্থা করা হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-১ আসনের সাবেক বিএনপি সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল আহমেদ, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন এবং পান্না গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিয়ান খানসহ মধুখালী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

টুর্নামেন্টে দেশের আটটি জেলা থেকে আটটি দল অংশ নেয়। ফাইনালে গোপালগঞ্জ একাদশ ৩-১ গোলে নড়াইল একাদশকে পরাজিত করে শিরোপা অর্জন করে। খেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category