গোলাম মোর্তবা রিজু :
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তেতুলিয়া স্কুল মাঠে বিএনপির স্থগিত হওয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন স্থগিতের ব্যাপারে সংবাদ সম্মেলন করেছে বালিয়াকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি।
শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে ইলিশকোল গ্রামে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম মিজানুর রহমান বেলালের নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম শওকত সিরাজ।
তিনি বলেন, পুলিশি বাধার কারণে আমাদের সম্মেলন স্থগিত করা হয়েছে। আমরা যেখানেই কোন প্রোগ্রাম করতে যায় কিনা পুলিশ আমাদের বাধা দিচ্ছে। এমনকি ঘরোয়া ভাবে করতে গেলে সেখানেও প্রশাসনের বাধা। প্রশাসনের অনুমতি সাপেক্ষে এই সপ্তাহের মধ্যেই উপজেলা বিএনপির সম্মেলন শেষ করা হবে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মশিউল আজম চুন্নু ও উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব মন্ডলের সংগঠন বিরোধী কর্মকান্ডের ব্যাপক সমালোচনা করেন গোলাম শওকত সিরাজ বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ পুলিশী বাধা উপেক্ষা করে রাজবাড়ী জেলা বিএনপিকে সংগঠিত করে যাচ্ছেন। প্রতিপক্ষের কোন কথা থাকলে তারা সম্মেলনের মঞ্চে এসে বলতে পারতেন।
৭ ইউনিয়নের কমিটি গঠন করলেন অথচ কোন গণমাধ্যমকর্মীরা জানলো না কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তো মাঠে প্রশাসনের জন্য দাঁড়াতেই পারি না। যেখানেই যায় সেখানে বাধা। আমরা বালিয়াকান্দির সাতটি ইউনিয়ন ও ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন করেছি গঠনতন্ত্র অনুযায়ী। উপজেলা সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করেছি। অনুমতি পেলে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে ভোটের মাধ্যমে সম্মেলন করা হবে।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক গোলাম সরোয়ার ভূইয়া, মো. জাফর আলী মিয়া, বালিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে জেলা পুলিশের একটি বিশ্বস্ত সূত্র জানায়, বালিয়াকান্দিতে বিএনপির সম্মেলন করার জন্য কোন অনুমতি ছিল না। তাছাড়া ঐ সম্মেলনকে কেন্দ্র করে তাদের দুটি গ্রুপের মধ্যে তুমুল বিরোধ রয়েছে। একটি গ্রুপ সম্মেলনকে প্রতিরোধ করার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার ভিডিও বার্তা ছাড়েন। এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটার সম্ভাবনা তৈরি হয়। যে কারণে আয়োজকদেরকে সম্মেলন না করার অনুরোধ জানানো হয়।