পাবনা প্রতিনিধি
পাবনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগ নেতা কামিল হোসেন। বিদ্রোহী প্রার্থী কামিল হোসেনের মনোনয়ন প্রত্যাহার করায় জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন একক প্রার্থী হিসাবে বিজয়ের পথে। যে কোন সময় তাঁকে আনুষ্ঠানিকভাবে বিজয় ঘোষণা করা হবে। জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে সোমবার দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীতা প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক বিদ্রোহী প্রার্থী কামিল হোসেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারোফ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি তসলিম হাসান সুমনসহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল বলেন, কামিল হোসেন আওয়ামী লীগের দুর্দিনের পরীক্ষীত নেতা। তৃণমূল কর্মীদের কাছে তার জনপ্রিয়তা রয়েছে। আমরা সংগঠনের ঐক্যের স্বার্থে কামিল হোসেনকে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের অনুরোধ করেছিলাম। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি।
দলের সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে প্রার্থীতা প্রত্যাহার করায় কামিল হোসেনকে অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
পাবনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, মনোনয়ন পত্র প্রত্যাহার আবেদনে রিটার্নিং অফিসারের সাক্ষরের মধ্য দিয়ে আবেদন গৃহীত হয়েছে। দাপ্তরিক ও আইনগত প্রক্রিয়া শেষে আ স ম আব্দুর রহিম পাকনকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হবে।