মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলায় বজ্রপাতে ৩ শিশু মৃত্যু হয়েছে । শনিবার জেলার টঙ্গীবাড়ী উপজেলার ধামারন এলাকায় একটি ঝিলে শাপলা তুলতে গিয়ে তারা বজ্রপাতের শিকার হয়। ঘটনাস্থলে ৩ জন নিহত ও ১ জন আহত হন।
নিহতরা হলেন- রবিউল (১২), রামিম (১৩) ও সানজিদা (৮)।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, একই পরিবারের ৫ জন শিশু (সম্পর্কে খালাতো ভাই বোন) দুপুর একটায় পাশের ঝিলে শাপলা তুলতে যায়। কিছুক্ষণ পরেই সেখানে বজ্রপাত হলে ৪ শিশু মারাত্মক ভাবে আহত হয়। তৎক্ষনাৎ আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ২ ছেলে শিশু ও ১ জন মেয়ে শিশুকে মৃত ঘোষণা করেন।
৩ শিশুর মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে আসে।
মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ ফেরদাউস জানান, আনুমানিক দুপুর ২ টা বেজে ১০ মিনিটে ৪ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদেরকে হাসপাতালে আনার আগেই মৃত্যু বরণ করেন।আহত অপর এক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে এস আই আমিনুল ইসলাম জানান, নিহতের স্বজন ও উর্ধ্বতন কর্মকতাদের সাথে কথা বলে মরদেহে গুলো পরিবারের মাঝ হস্তান্তর করা হবে।