আওয়ামী লীগের সম্মেলনে আসার পথে প্রাইভেট কারে বাসের ধাক্কায় পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় মুন্সীগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) টোলপ্লাজায় এই দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীরা মাদারীপুরের শিবচর উপজেলা থেকে আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা নাজমুল হোসেন লাবলু।
তিনি বলেন, আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে যোগ দিতে সকালে শিবচর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কয়েকটি বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারে রওনা হই। প্রাইভেট কার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোলপ্লাজায় টোল দিচ্ছিল। এ সময় পেছন থেকে তাজ আনন্দ পরিবহনের একটি বাস প্রাইভেট কারে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। প্রাইভেট কারে থাকা আমাদের পাঁচ নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠিয়েছে। ’
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. হানিফ জানান, সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোলপ্লাজার কেরানীগঞ্জ এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারে ধাক্কা দিলে পাঁচজন আহত হন। একজন গাড়ির ভেতরে আটকা পড়েন। তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) পাঠানো হয়েছে।