নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মো.সোহেল রানা (২৪) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় মো. আলম হোসেন (৩০) নামে অপর এক রাজমিস্ত্রি আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত ৭টার দিকে নলডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন বারনই সেতুর উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা(২৪) উপজেলার পূর্ব সোনাপাতিল সাকিদারপাড়া এলাকার ফজলুর রহমানের ছেলে এবং তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।
রেলস্টেশনে কর্মরত পোর্টার মো. মাসুদ জানান, মঙ্গলবার রাত ৭টার দিকে সোহেল রানা ও আলম দুইজনই রেল লাইন হয়ে নলডাঙ্গা বাজারের উদ্দেশে আসছিলেন। এ সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস আন্তনগর ট্রেন সেতুতে প্রবেশ করে। এতে সোহেল রানা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। অপরজন আলম সেতু থেকে নিচে লাফ দিয়ে প্রাণে বেঁচে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে রেলওয়ে সান্তাহার জিআরপি থানা পুলিশকে জানানো হয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, বিষয়টি রেলওয়ে সান্তাহার জিআরপি থানার ওসিকে জানানো হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন নিয়ে গেছেন।