ঢাকার সাভারে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত সাত-আটজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। গতকাল শুক্রবার সাভারের সিঅ্যান্ডবি-কলমা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।
নিহতদের মরদেহ সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী ফজলুল ফকির (৪০), সাভারের পোশাক শ্রমিক নাসির (৪০), কলেজ শিক্ষার্থী ফায়িম (১৯)। আহতদের পরিচয় জানা যায়নি।
নিহত ফায়িমের বন্ধু শফিকুল বলেন, ‘নাইম, শাওন ও ফায়িম মিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লেগুনায় করে ফিরছিলেন। পরে শুনি অ্যাকসিডেন্ট করেছে। হাসপাতালে এসে দেখি ফায়িম মারা গেছে। অন্য দুই বন্ধুর খোঁজ পাইনি। ’
এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এ দুর্ঘটনায় তিনজনের মরদেহ এসেছে। আরো অন্তত সাত-আটজন আহত আছে।
সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘দুর্ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে। এ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে, কয়েকজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া লেগুনা ও বাসটি জব্দ করা হয়েছে।