নিজস্ব প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে ব্যাটারি চালিত ভ্যান চালককে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে সংবাদ পেয়ে উপজেলার জাহাপুর ইউনিয়নের মুরারদিয়া গ্রামের মুরারদিয়া-কাদিরদি সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ। নিহত ভ্যান চালকের নাম জিহাদ হোসেন জয়(১৬)। সে উপজেলার রায়পুর ইউনিয়নের মধ্যদিঘলিয়া গ্রামের মৃত লালু শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ভ্যান চালক জিহাদ হোসেন জয় মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকাল ৩টার দিকে বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে বের হয়ে আর ফিরে আসে নাই। আজ বুধবার (৪ জানুয়ারি) সকালে মুরারদিয়া গ্রামের মুরারদিয়া-কাদিরদি সড়কের পাশ থেকে তার গলা কাটা লাশ পুলিশ উদ্ধার করে।
এ ব্যাপারে মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, সকালে লোক মারফত সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষ্যে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।