আঞ্চলিক প্রতিনিধি ঃ
শুক্রবার ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর হিন্দুপাড়ার ভাড়াটিয়া বাসা থেকে ব্র্যাক কামারখালী শাখার ব্যবস্থাপক (এনজিও কর্মকর্তার) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ। ময়না তদন্তের জন্য তার লাশ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ এন্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত কর্মকর্তার নাম অধীর কুমার বিশ্বাস (৪৫)। সে রাজবাড়ীর সদর উপজেলার লক্ষীনারায়নপুর গ্রামের মাখন লালের ছেলে। তবে ওই কর্মকর্তা স্ত্রী ও দুই সন্তান নিয়ে মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের বামুন্দী গ্রামে শশুর বাড়ীতে বসবাস করতেন। অফিসের প্রয়োজনে সে কামারখালীতে ভাড়া বাসায় মাঝেমধ্যে থাকতেন বলে জানা গেছে।
পুলিশ জানান, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরীর তথ্যে থানা পুলিশ কামারখালী ব্র্যাক অফিসের শাখা ব্যবস্থাপকের মরদেহ কামারখালী মছলন্দপুর হিন্দুপাড়া গ্রামে প্রভাষ কুমার মিত্রের ভাড়া বাসা থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।
মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভিতর থেকে ফ্যানের সাথে ঝুলে থাকা মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর সঠিক কারণ নির্নয়ে ময়না তদন্তের জন্য লাশি ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।