ফরিদপুর প্রতিনিধি :
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি বলেছেন, কয়েকদিন পরেই রমজান শুরু হচ্ছে। রোজার সময় সাধারণ মানুষ যাতে দ্রব্য সঠিক দামে কিনতে পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, বরকতময় মাস রহমতের মাস সুতরাং ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেও প্রতিটি মানুষের উচিত হবে সকলের স্বাচ্ছন্দে ইবাদত বন্দেগী করতে পারে সেজন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে যার যার জায়গা থেকে সে ভূমিকা রাখবে। রমজানে দ্রব্যমূল্যে কারসাজি করলে তাকে গণধোলাই দেওয়া হবে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে মধুমতি নদীর তীর ও শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি জাদুঘর সংযোগ রাস্তাসহ অন্যান্য এলাকা সংরক্ষণ ও ট্রেজিং প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী আরো বলেন, সরকার ইতিমধ্যেই কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। রমজান শুরু হওয়ার একদিন আগে থেকেই সেই কাজটি শুরু করা হবে। ২৫ টি জায়গায় ন্যায্যমূল্য বিভিন্ন দ্রব্য বিক্রি করা হবে। সেখানে মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে গরুর মাংস ৬শ টাকা, খাসির মাংস ৯শ টাকা এবং দুধের কেজি ৮০ টাকা। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অসাধু ব্যবসায়ীরা বাজারের দ্রব্যমূল্য কোন কারসাজি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি তাদের গণধোলাই দেওয়া হবে।
ড্রেজিং প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের আগে ১৫০ কোটি টাকা ব্যায়ে মধুমতি নদীর ৩ কিলোমিটার ড্রেজিং এবং তিন কিলোমিটার নদী তীর সংরক্ষন বাস্তবায়ন কাজের ফলক উন্মোচন করেন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। এসময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এস এম শহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী শাজাহান সিরাজ, নির্বাহী প্রকৌশলী পার্থপ্রতিম সাহা, মধুখালী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, ইউএনও মামুনুল হক অনিক, মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর ৩টায় মধুখালী উপজেলার কামালদিয়ায় খামারিদের মাঝে প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে মিল্কিং মেশিন বিতরণ এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন।