নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে মাদক মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় আব্দুল মজিদকে (৩৪) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসংঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল মজিদ তাড়াশ উপজেলার শ্রীপুর গ্রামের আবু বক্কারের ছেলে।
সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় দিয়েছেন। পিপি আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ২০১৮ সালের ২২ মে সিরাজগঞ্জ পৌর এলাকার নিউমার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ডিবির এসআই ইয়াসিন আরাফাত বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। পুলিশ এ মামলার তদন্ত শেষে সংশ্লিষ্ট আদালতে তার বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার দুপুরের দিকে ওই আদালতের বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।